আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ব্যাটারি মোতায়েন করেছিল ইসরাইল। এই সংবেদনশীল বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইসরাইলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। সম্প্রতি ইসরাইলের সামরিক বাহিনীর গণমাধ্যম ‘আর্মেড ফোর্সেস রেডিও’ বা আর্মি রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত শুরুতেই বুঝতে পেরেছিল যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছিল তাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। আর সেই কারণেই যুদ্ধের একদম শুরুর দিকেই আমিরাতে এই বিশেষ আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ ইসরাইলের এই বিশেষ পদক্ষেপের খবর প্রথম প্রকাশ করেছিল। তবে মিরি রেগেভই হলেন প্রথম কোনো উচ্চপদস্থ ইসরাইলি কর্মকর্তা, যিনি প্রকাশ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা স্বীকার করলেন। এছাড়া গত মে মাসে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি উপসাগরীয় এই দেশটিতে একটি ইসরাইলি প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইল যুদ্ধ চলাকালে আমিরাতকে লক্ষ্য করে প্রায় ৫৫০টি ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সেই আকস্মিক বিপর্যয় রুখতেই ইসরাইলের এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল আবুধাবি।
টিএইচএ/
