আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নিম্নমানের ভেজাল জ্বালানি তেল ও গ্যাস আমদানি বন্ধে ব্যবসায়ী এবং প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (এসিসিআই)। একই সঙ্গে দেশটির বেসরকারি খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি। সম্প্রতি রাজধানী কাবুলে ব্যবসায়ী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক জরুরি বৈঠকে এই আহ্বান জানান আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট সৈয়দ করিম হাশেমি। বৈঠকে দেশের বাজারে তেল ও গ্যাসের সুষম সরবরাহ নিশ্চিত করা এবং নিম্নমানের পেট্রোলিয়াম পণ্যের প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে এসিসিআই প্রেসিডেন্ট সৈয়দ করিম হাশেমি বলেন, আমরা তরলীকৃত গ্যাস এবং পেট্রোলিয়াম আমদানিকারকদের অনুরোধ করছি যেন তারা প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলো থেকে মানসম্মত জ্বালানি আমদানি ও বিতরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেন। দেশের বাজারে নিম্নমানের তেল প্রবেশ রোধ করতে ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। হাশেমি আরও উল্লেখ করেন, বেসরকারি খাতকে সমর্থন দেওয়ার অর্থ হলো আফগানিস্তানের জাতীয় অর্থনীতি, জনগণ এবং দেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা। চেম্বার অব কমার্স ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি কার্যকর সেতু হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পেট্রোলিয়াম পণ্যের আমদানি প্রক্রিয়া সহজ করতে এবং ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কাজ চলছে বলেও তিনি জানান।
উক্ত বৈঠকে বেসরকারি খাতের প্রতিনিধিরা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নানাবিধ চ্যালেঞ্জ ও সংকটের কথা তুলে ধরেন। মায়েল খায়েরখোয়া নামের একজন আফগান ব্যবসায়ী বলেন, আফগানিস্তানের বেসরকারি খাতের পর্যাপ্ত সম্পদ ও বড় বিনিয়োগ রয়েছে। তবে বাজারে এক ধরনের অনিশ্চয়তা এবং অসৎ প্রতিযোগিতার কারণে ব্যবসায়ীরা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আমদানি কার্যক্রম চালাতে পারছেন না। বৈঠকের সমাপনী বক্তব্যে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ব্যবসায়ী ও প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, বেসরকারি খাতের সুরক্ষায় তাদের উত্থাপিত সব যৌক্তিক দাবি ও চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।
তথ্যসূত্র: তোলো নিউজ
টিএইচএ/
