আন্তর্জাতিক ডেস্ক: মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান বলেছেন, ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের এই দুর্ভোগ পুরো বিশ্বের জন্য একটি বড় লজ্জার বিষয়। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে তিনি বিশ্ব ফুটবল অঙ্গনকে আরও সক্রিয় ও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলে শক্তিশালী অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে মিশরের শেষ ষোলো নিশ্চিত করার পর ফিলিস্তিনের পতাকা হাতে বিজয় উদ্যাপন করেন কোচ হোসাম হাসান। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আটলান্টায় এক ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। সেখানে ফিলিস্তিন সংকট প্রসঙ্গে উত্থাপিত এক প্রশ্নের জবাবে হোসাম হাসান স্পষ্ট ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি ফিলিস্তিনি জনগণের কষ্ট অনুভব করে না, তার মানবিকতা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়।
মিশরের এই কিংবদন্তি ফুটবলার আরও বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটি আমাদের জন্য চরম লজ্জার। শুধু আরব বিশ্বের নয়, পুরো বিশ্বের জন্যই এটি লজ্জার বিষয়। বিশেষ করে যাঁরা বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আছেন, অথচ সাধারণ মানুষকে এভাবে বছরের পর বছর অসহায় অবস্থায় ফেলে রেখেছেন, দায়টা তাদেরই বেশি। অত্যন্ত আবেগঘন ও যৌক্তিক এই বক্তব্যের পর সংবাদ সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি অনেক সাংবাদিক করতালির মাধ্যমে মিশরের এই কোচকে স্বাগত জানান।
মিশরের ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং বিশ্বের নামী-দামী ফুটবলারদের ফিলিস্তিনি জনগণের পক্ষে আরও সরাসরি ভূমিকা নেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ফুটবলকে কেবল মাঠের খেলা হিসেবে না রেখে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টির শক্তি হিসেবে ব্যবহার করা উচিত। আমি গণমাধ্যম এবং বিশ্বের সব ক্রীড়াবিদকে, তাঁদের জাতিগত পরিচয় নির্বিশেষে, একটি যৌথ মানবিক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিনি জনগণকে স্বাধীনভাবে বাঁচতে দিন, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দিন এবং নিজেদের মতো করে জীবনযাপন করতে দিন, কারণ এটাই স্বাভাবিক ও ন্যায্য অধিকার।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেখানে ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছেন, যার পরিসংখ্যানকে জাতিসংঘও নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের নেতৃত্বাধীন পাল্টা হামলায় ১,২২১ জন নিহত হয় এবং সেই সময় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে ইসরাইলি সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। দীর্ঘায়িত এই সংঘাতের প্রেক্ষাপটেই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে মানবিকতার পক্ষে এই সাহসী বার্তা দিলেন মিশরীয় কোচ।
টিএইচএ/
