৩৬নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া সংলগ্ন হাওর এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছুটির দিনে বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে ট্রলার বা নৌভ্রমণে যান শফিকুল। ভ্রমণের একপর্যায়ে কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে সবাই মিলে গোসল করতে নামেন। এ সময় হাওরের প্রবল স্রোতের টানে তিনি মুহূর্তের মধ্যে গভীর পানিতে তলিয়ে যান। সাথে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে বের করার ও উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী অভিজ্ঞ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করে।
তবে হাওরে তীব্র স্রোত ও চারপাশ অন্ধকার হয়ে আসার কারণে রাত পৌনে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা হয়। নিখোঁজ পর্যটকের সন্ধানে শনিবার সকাল থেকে পুনরায় হাওরে সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
টিএইচএ/
