লালমনিরহাটের কালীগঞ্জে মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। উপজেলার দুহুলী বাজার থেকে কমলাবাড়ী ইউনিয়নের সংযোগ সড়কটি স্বাধীনতার পর আজও পাকা করা হয়নি। বর্তমানে রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষায় স্থানীয় বাসিন্দাদের চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে পুরো রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে কাদা ও জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে থাকায় পথচারী, মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে পড়ছে, ফলে যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে এলাকাবাসীকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুহুলী উচ্চ বিদ্যালয় ও কলেজের কয়েক শত শিক্ষার্থী যাতায়াত করে।
এছাড়া কৃষকদের পণ্য বাজারে নিতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেক সময় যানবাহন প্রবেশ করতে না পারায় উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করা সম্ভব হয় না।
স্থানীয় বাসিন্দা সুমন আধিকারী বলেন, ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ কাঁচা রাস্তাটি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কাঁচাই রয়ে গেল। জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবে রাস্তাটি আজও ঠিক হয়নি। সড়কের এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
কালীগঞ্জ এলজিইডির প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, রাস্তাটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনতে প্রয়োজনীয় আইডি করণের জন্য প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বর্তমানে গেজেটভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। গেজেট সম্পন্ন হলে সরকারি বরাদ্দ ও উপযুক্ত প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
