শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাইন্সল্যাব অবরোধ

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: টানা বৃষ্টি, তীব্র জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন জেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়া যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন
banner

সকাল সাড়ে ১১টার পর থেকেই সাইন্সল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা সবাই মিলে সড়ক অবরোধ করলে ওই পথ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আকস্মিক সড়ক অবরোধের ফলে আশেপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও দায়িত্বশীলদের পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়। তাদের অভিযোগ, রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির বিষয়টি আমল না নিয়ে সোমবারের পরীক্ষা নেওয়া হয়েছে। এতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে ব্যাপক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। অনেকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে কিংবা হেঁটে কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে অংশ নিতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পরীক্ষা বন্ধ করা নয়, বরং সবার জন্য সমান ও নিরাপদ পরিবেশ তৈরি করা। বন্যাকবলিত অঞ্চলের অনেক পরীক্ষার্থী যেখানে স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতেই পারেনি, সেখানে এমন সিদ্ধান্ত গ্রহণ অযৌক্তিক। এই সার্বিক ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে বলে তারা দাবি জানান।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাইন্সল্যাব ও নিউমার্কেট মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222