প্রায় চার ঘণ্টার আপ্রাণ চেষ্টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।
বুধবার ভোর সোয়া ৪টার দিকে কারখানাটির ফেব্রিক্স গুদামে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গুদামে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়লে নৈশকালীন দায়িত্বে থাকা শ্রমিক ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুততার সঙ্গে বের হয়ে আসতে পারায় এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মীরা আদমজী ইপিজেড এলাকায় পৌঁছালে বেপজা কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। সাংবাদিকদের ভেতরে প্রবেশে প্রবেশাধিকার দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে তারা আগুনের সংবাদ পান। প্রথমে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে কাপড়ের গুদাম হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পেলে নারায়ণগঞ্জ সদরের পাশাপাশি কাঁচপুরসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত দল এসে যোগ দেয়। মোট ৯টি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কাপড়ের তূপ থাকার কারণে কিছু জায়গায় এখনো হালকা ধোঁয়া বের হলেও নতুন করে আর আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা বা ঝুঁকি নেই। প্রাথমিকভাবে আগুনের মূল সূত্রপাত এবং আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে নিশ্চিত করেন তিনি।
টিএইচএ/
