চট্রগ্রামে হেফাজতের বৈঠক বৃহস্পতিবার, অংশ নিবেন আল্লামা মামুনুল হক

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: দেশের কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ঈমান-আকিদা রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে পথচলার লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার ডাক দিয়েছে সংগঠনটি।

সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই বৈঠকে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৫ জুলাই) ৩৬ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মজলিস আমিরের প্রেস সচিব মাওলানা আশরাফুল ইসলাম সাদ।

এদিকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রের বরাত দিয়ে জানা গেছে, কওমি ঘরানার সব রাজনৈতিক দলকে এই সভায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে ঈমান-আকিদা রক্ষা এবং জাতীয় স্বার্থে সব দলের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে অংশ নিতে প্রতিটি রাজনৈতিক দলকে তাদের সভাপতিসহ সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়েছে।

আমন্ত্রণ পেল যে সাত দল:

হেফাজত সূত্রে জানা গেছে, এই বিশেষ আলোচনা সভায় অংশ নিতে কওমি ঘরানার প্রধান সাতটি ইসলামি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি।

হেফাজতের এই ঐক্যের ডাকে ইতিবাচক সাড়া দিচ্ছে আমন্ত্রিত দলগুলো। ইতিমধ্যে বেশ কয়েকটি দল তাদের প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ও মুফতি রেজাউল কারীম আবরার এই বৈঠকে অংশ নেবেন।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলের আমির মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং মাওলানা ফয়সাল আহমদ বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন। এছাড়া বাকি পাঁচটি দলেরও শীর্ষ নেতারা এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কওমি ঘরানার দলগুলোর মধ্যকার দূরত্ব কমিয়ে একক ও শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে চট্টগ্রামের এই বৈঠকটি অত্যন্ত নীতি নির্ধারণী ভূমিকা রাখতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222