ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযানে ১৪ দালাল আটক

by Abid vs36

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১৪ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে দুই ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকিদের আর্থিক জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন
banner

আটককৃতরা হলেন মো. আতিকুল ইসলাম, মোহাম্মদ রফিক আলী, ইমরান বাদশা, আসাদ, আহসান উল্লাহ, মনির, টুটুল আমিন, আনিস হোসেন, মো. রানা, মো. সোহাগ মিয়া, মনির হোসেন, শিলা আক্তার, জীবন হোসেন এবং আক্তার হোসেন। তাদের মধ্যে ১ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন। আটকের পর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ডাদেশ প্রদান করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, মমেক হাসপাতালে দালাল চক্রের নানামুখী প্রতারণা ও হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। এই চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রধান প্রবেশপথে অবস্থান নিয়ে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের টার্গেট করত। পরে সরকারি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়ে উন্নত চিকিৎসার প্রলোভনে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানান, মমেক হাসপাতালের ভেতর ও আশপাশের এলাকায় সাধারণ রোগী এবং তাদের স্বজনদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে এবং জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222