যাত্রাবাড়ীতে স্কুলের টয়লেটে অজ্ঞান শিক্ষার্থী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

by Abid vs36

রাজধানীর যাত্রাবাড়ীতে উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের একটি টয়লেটের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থেকে অজ্ঞান হয়ে যাওয়া সপ্তম শ্রেণির এক ছাত্রকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক সচেতন নাগরিকের ফোনকলের পর দ্রুত পদক্ষেপ নিয়ে ওই শিক্ষার্থীকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, আজ দুপুর ২টা ২৩ মিনিটে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলা এলাকার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয় থেকে নিগার সুলতানা নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চান। তিনি জানান, বিদ্যালয়ের একটি বাথরুমের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে এক ছাত্র প্রবেশ করলেও অনেক সময় ধরে ডাকাডাকির পর তার কোনো সাড়াশব্দ বা সাড়া পাওয়া যাচ্ছে না। জরুরি এই বার্তা পাওয়ার পরপরই ৯৯৯ কলসেন্টার থেকে বিষয়টি পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর এবং পুরো উদ্ধার প্রক্রিয়ার সমন্বয় করেন ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছায়। তারা সুকৌশলে টয়লেটের দরজা ভেঙে ভেতরে অবচেতন অবস্থায় পড়ে থাকা সপ্তম শ্রেণির ছাত্র নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস জানায়, আবদ্ধ টয়লেটের ভেতর ওই শিক্ষার্থী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, যার কারণে সে ভেতর থেকে দরজা খুলতে পারছিল না। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222