৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

by Abid vs36

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদী সুরমার পানি কমতে থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় ৯টি জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া সাপেক্ষে অব্যাহত থাকতে পারে। অন্যদিকে উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি হ্রাস পেয়েছে। তবে বাংলাদেশ, ভারত ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে (১৯-২৩ জুলাই) উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন
banner

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুনির্দিষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, তবে একটানা বৃষ্টি না হয়ে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ২৩ জুলাই পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি অর্থাৎ সর্বোচ্চ ২৫০-৩৫০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা নদীগুলোর পানি সমতল বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তবে এই সময়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222