নিজস্ব প্রতিবেদক:: ইসলামি সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ও জনপ্রিয় সংগীতশিল্পী আবু সুফিয়ান ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের বাঁশখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছিলেন আবু সুফিয়ান। এ সময় পা পিছলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথার একাংশে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।
তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালীর গুনাগরী আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আবু সুফিয়ানের ঘনিষ্ঠজন ও সহকর্মীরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আবু সুফিয়ান স্বেচ্ছাসেবীদের সঙ্গে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। সেই মানবিক উদ্যোগে অংশগ্রহণের সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন।
