বান্দরবান প্রতিনিধি: পাহাড়ি জেলা বান্দরবানে ঘুরতে এসে বাস দুর্ঘটনার শিকার হয়েছেন একদল পর্যটক। একটি পর্যটকবাহী দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের কিনারে পড়ে গেলে অন্তত ১২ জন পর্যটক আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।
বুধবার সকালে বান্দরবান-কেরানিহাট আঞ্চলিক সড়কের কসাই পাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ৩৪ জন পর্যটকের একটি দল ‘রিলাক্স পরিবহন’-এর একটি এসি বাস নিয়ে বান্দরবানের উদ্দেশে রওনা হয়। বুধবার সকালে বাসটি কসাই পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ের কিনারে গিয়ে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন গুরুতর ও সামান্য আহত হন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাদের চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, বান্দরবানে ঘুরতে আসা পর্যটকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক পলাতক থাকলেও রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।
টিএইচএ/
