খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
গতকাল রোববার (২৬ জুলাই) মধ্যরাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি।
যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, মধ্যরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবির টহল দল চোরাকারবারীদের গোপন আস্তানা লক্ষ্য করে ধাওয়া দেয়। একপর্যায়ে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে বিওপিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সশস্ত্র চোরাকারবারীরা হঠাৎ বিজিবি সদস্যদের ওপর আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবির টহল দলও পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় ৮ থেকে ১০ মিনিট ধরে থেমে থেমে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলার পর বিজিবির শক্ত অবস্থানের মুখে টিকতে না পেরে সশস্ত্র সীমান্ত অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। তবে এই গোলাগুলির ঘটনায় উভয়পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২৩ বিজিবির অধিনায়ক জোর দিয়ে বলেন, সীমান্ত সুরক্ষায় তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ধরে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিবিড় পর্যবেক্ষণ ও অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
টিএইচএ/
