সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

by Abid vs36

জাতীয় সংসদ ভবনের শব্দব্যবস্থা আধুনিকায়ন ও প্রতিস্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং তা প্রতিস্থাপনে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন
banner

আলোচনাকালে গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা সংসদ ভবনে সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, সার্বিক কারিগরি সক্ষমতা এবং ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনার চিত্র তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রযুক্তির নানা দিক, প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব এবং জাতীয় সংসদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে আধুনিক এই ব্যবস্থার সামঞ্জস্যের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত সকল প্রতিনিধি নিজ নিজ মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উচ্চপর্যায়ের এই নীতি নির্ধারণী সভায় অন্যান্যের মধ্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222