রাজধানীতে পাণ্ডুলিপি গবেষণায় দ্বিতীয় ধাপের কর্মশালা শুরু ১ আগস্ট

by Fatih Work

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে প্রাচীন পাণ্ডুলিপি গবেষণা ও নিরীক্ষামূলক পাঠসম্পাদনা বা তাহকীক চর্চাকে আরও সমৃদ্ধ করতে ৬ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা ‘খেদমাতুন নস’ আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়া, ঢাকা এবং তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক প্রতিষ্ঠান দারুল মাখতূতাত-এর যৌথ উদ্যোগে ১ থেকে ৬ আগস্ট পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্র জানিয়েছে, এই কর্মশালায় মূলত তা’লীক বা টীকাকরণ, তাখরিজুন নুসূস অর্থাৎ উদ্ধৃতি ও উৎসনির্ণয়, দিরাসা বা ভূমিকা ও নস সমীক্ষা, ফাহরাসা তথা সূচি প্রণয়ন এবং আলাকাতুন নুসূস বা পাঠসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ বিষয়ে তাত্ত্বিক ও হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞাপন
banner

প্রশিক্ষণ কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইস্তাম্বুলের দারুল মাখতূতাত এবং আলেপ্পোর দারুল ফুকাহা ও দারুল ইরফানের মহাপরিচালক ড. মাহমুদ মাসরি। এছাড়া প্রশিক্ষক হিসেবে থাকবেন ইলমুত তাহকীকের অন্যতম শীর্ষ তাত্ত্বিক, ‘ইয়াওমুল মাখতূতিল আরাবি’-এর প্রতিষ্ঠাতা, মিসরের মা’হাদুল মাখতূতাতিল আরাবিয়্যার সাবেক মহাপরিচালক ও দারুল মাখতূতাতের বর্তমান নির্বাহী পরিচালক ড. ফায়সাল হাফয়ান।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৪ থেকে ১৮ আগস্ট দেশে প্রথমবারের মতো ‘তাহকীকুন নুসূস’ শীর্ষক ৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেই কর্মশালায় দেশের বিভিন্ন কওমি মাদরাসা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মিশরের আল-আযহার, সাউদি আরবের মদিনা ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গ্র্যাজুয়েটসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রথম ধাপের সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের এই বিশেষায়িত প্রশিক্ষণ দেশে পাণ্ডুলিপি গবেষণা ও তাহকীক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন মারকাযুল ফাতাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি ইয়াহইয়া।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222