ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১০

by hsnalmahmud@gmail.com

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দলটি। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের ভাষ্য, রাতে প্রায় ১৫ জন ছাত্রদলের নেতাকর্মী শ্রীডাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ছাত্রদলের দাবি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

হামলার খবর পেয়ে সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

এদিকে হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সমাবেশ থেকে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222