আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের সর্বাবস্থায় ইসলামী মূল্যবোধ ও শরিয়াহ আইন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা। একই সঙ্গে নিজ ধর্ম ও এর আদর্শ থেকে বিচ্যুত না হতে গ্র্যাজুয়েটদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) কাবুল বিশ্ববিদ্যায় প্রাঙ্গণে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর সমাবর্তন অনুষ্ঠানে হিবাতুল্লাহ আখুন্দজাদার এই বিশেষ বার্তাটি পড়ে শোনান দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
শিক্ষার্থীদের উদ্দেশে পাঠানো লিখিত বার্তায় তালেবানদের শীর্ষ নেতা বলেন, জীবনের সব ক্ষেত্রে পিতামাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। একই সঙ্গে দৈনন্দিন জীবন পরিচালনায় ধার্মিকতা, আন্তরিকতা, সততা ও বিশ্বস্ততার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে আখুন্দজাদা বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের সঠিক ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক, নৈতিক ও পেশাগত শিক্ষা দিতে হবে। তরুণদের মধ্যে ঐক্যের প্রসার এবং চরিত্র গঠনে শিক্ষকদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ শিক্ষাবর্ষে কাবুল বিশ্ববিদ্যালয়ের ২২টি অনুষদের ৮০টি বিভাগ থেকে প্রায় ২ হাজার ৫০০ জন শিক্ষার্থী তাঁদের স্নাতক শিক্ষা সম্পন্ন করেছেন।
