আফগানিস্তানে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি ও কার্যক্রম নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে কোনো বিদেশি গোষ্ঠীকে আশ্রয় দেওয়া হচ্ছে না। প্রতিবেদনে যেসব গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্কও নেই।
আরিয়ানা নিউজকে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, গোষ্ঠীটি পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করে। একই সঙ্গে তিনি দাবি করেন, আল-কায়েদা এই অঞ্চলে উপস্থিত নেই এবং আফগানিস্তানে তাদের ‘কোনো অস্তিত্বই নেই’।
ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট প্রসঙ্গে তিনি বলেন, গোষ্ঠীটিকে আফগানিস্তানে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় না এবং দেশটিতে তারা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে না।
দায়েশ প্রসঙ্গে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র বলেন, গোষ্ঠীটি সক্রিয়ভাবে ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে লড়াই করছে। তাই আফগানিস্তানে তাদের উপস্থিতি ও কার্যক্রম নিয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলো সঠিক নয়।
মাওলানা মুজাহিদ আরও বলেন, তিনি মনে করেন, অঞ্চলকে অস্থিতিশীল করতে চায় এমন গোয়েন্দা মহল থেকেই এসব অভিযোগ তোলা হচ্ছে। এ ধরনের তথ্যের ওপর নির্ভর করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলেরও সমালোচনা করেন তিনি।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল তাদের প্রতিবেদনে আফগানিস্তান ও বৃহত্তর অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম থেকে সৃষ্ট নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের পরই মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদের এ প্রতিক্রিয়া আসে।
সূত্র : আরিয়ানা নিউজ
