আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের টেলিযোগাযোগ পরিকাঠামো জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার। দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে নেটওয়ার্ক পরিষেবা পৌঁছে দিতে ৩১টি নতুন টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেস কমিউনিকেশন কোম্পানির (এডব্লিউসিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
টেলিযোগাযোগ উন্নয়ন তহবিলের (টিডিএফ) ১১তম প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। যৌথ এই প্রকল্পে ২৬৯ মিলিয়ন আফগানির (আফগান মুদ্রা) বেশি ব্যয় নির্ধারণ করা হয়েছে।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ আলওকোজাই এক বার্তায় জানান, নতুন এই টাওয়ারগুলো মূলত কান্দাহার, পাক্তিকা, হেলমান্দ ও জাবুল—এই চার প্রদেশের মোট ১৩টি দুর্গম ও প্রত্যন্ত জেলায় স্থাপন করা হবে।
তিনি আরও জানান, যেসব অঞ্চলে এতদিন ধরে কোনোরকম টেলিযোগাযোগ বা ইন্টারনেট সুবিধা পৌঁছায়নি, সেসব এলাকার অধিবাসীদের নিরবচ্ছিন্ন ফোরজি ও ডিজিটাল সেবার আওতায় আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
