বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ২৬৭ মিলিয়ন ডলার মূল্যের ২০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আফগানিস্তান ও উজবেকিস্তান। কাবুলে আয়োজিত দুই দেশের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তাদের এক দ্বিপক্ষীয় সম্মেলনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
রোববার (৩০ আগস্ট) আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরিয়ানা নিউজ।
আফগান বেসরকারি খাতের প্রতিনিধি এবং উজবেকিস্তানের কাশকাদারিয়া প্রদেশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত ব্যবসায়ী নেটওয়ার্কিং সম্মেলনের ফাঁকে এসব সমঝোতা স্মারক সই হয়। এতে উভয় দেশের বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কাবুলে নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় মূলত খাদ্যপণ্য, তৈরি পোশাক, নির্মাণ খাত, পশুপালন, ইলেকট্রনিক সরঞ্জাম এবং আসবাবপত্রের মতো গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সম্মেলনে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ বলেন, “উভয় দেশের প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় বাণিজ্য নতুন গতি পেয়েছে।” বাণিজ্য ও ট্রানজিট পদ্ধতি আরও সহজ করার পাশাপাশি বিদ্যমান শুল্ক ও অ-শুল্ক বাধাগুলো দ্রুত দূর করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে উজবেকিস্তানের মধ্য দিয়ে আফগান পণ্য ট্রানজিটের বিষয়ে আলোচনা এগিয়ে নিতে কাবুল প্রস্তুত বলে জানান তিনি।
অন্যদিকে, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন উজবেকিস্তানের কাশকাদারিয়া প্রদেশের ডেপুটি গভর্নর শাহরেত মুরাদভ। তিনি জানান, আফগানিস্তানের সাথে শিল্প ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে তারা অত্যন্ত আগ্রহী এবং আফগান ব্যবসায়ী ও প্রতিনিধি দলকে সব ধরনের সহায়তা দিতে কাশকাদারিয়া প্রদেশ প্রস্তুত।
