পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছে আফগানিস্তানের ইসলামিক আমিরাত (আইইএ)।
ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইইএ-এর মূল মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে এসব রাষ্ট্র নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে বিভিন্ন চুক্তি সম্পাদন করে থাকে। মুসলিম দেশগুলোর মধ্যে যেকোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সমঝোতাকে ইসলামিক আমিরাত ইতিবাচক দৃষ্টিতে দেখে এবং একে মুসলিম বিশ্বের পারস্পরিক সহায়তার অংশ বলে মনে করে।
মুজাহিদ বলেন, ‘এ ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা সামগ্রিকভাবে মুসলিম বিশ্বের জন্যই উপকারী।’
তিনি আরও স্পষ্ট করেন যে, এই সামরিক ঐক্য আফগানিস্তানের নিরাপত্তার জন্য কোনো সংকট তৈরি করবে না। তাঁর ভাষ্যমতে, ‘এটি আমাদের জন্য কোনো হুমকি নয়, কারণ উল্লেখিত কোনো দেশের সঙ্গেই ইসলামিক আমিরাতের বৈরিতামূলক সম্পর্ক নেই।’
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও সংঘাতের বিষয়ে জানতে চাইলে আইইএ মুখপাত্র বলেন, “সাম্প্রতিক আগ্রাসনটি মূলত পাকিস্তানের পক্ষ থেকেই শুরু হয়েছিল। তবে আমরা এটিকে বড় কোনো আন্তর্জাতিক সংঘাত না ভেবে স্থানীয় সীমান্ত ইস্যু হিসেবে বিবেচনা করছি এবং আলোচনার মাধ্যমে এর স্থায়ী সমাধান চাই।’
তিনি জোর দিয়ে পুনরায় উল্লেখ করেন, চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশকেই ইসলামিক আমিরাত নিজেদের ‘শত্রু’ হিসেবে মনে করে না।
