কুয়েত ও বাহরাইনের বন্দর ও আশপাশে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কারগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের তেলবাহী ট্যাঙ্কারে আমেরিকার হামলার প্রতিশোধ হিসেবে এই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করা তেলবাহী ট্যাঙ্কারের ক্রুদের অবিলম্বে জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কুয়েত ও বাহরাইনের যেসব বন্দর আমেরিকার সামরিক বাহিনীকে আশ্রয় দেয় এবং ইরানি ট্যাঙ্কারে হামলায় সহযোগিতা করছে, সেসব বন্দরে থাকা তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
আইআরজিসি আরও জানায়, ট্যাঙ্কারগুলো নোঙর করা অবস্থায় থাকুক কিংবা বন্দরে অবস্থান করুক, সেগুলোর ক্রুদের অবিলম্বে জাহাজ ত্যাগ করতে হবে।
এর আগে আমেরিকা ইরানের একাধিক তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানায়। এর পরই কুয়েত ও বাহরাইনে থাকা তেলবাহী ট্যাঙ্কারগুলো নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
সূত্র মিডল ইস্ট আই ও আনাদোলু
