ভারতে মসজিদ রক্ষায় জমিয়তে উলামায়ে হিন্দের আইনি সাফল্য

by hsnalmahmud@gmail.com

ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদের পাকবড়া এলাকায় অবস্থিত মোস্তফা মসজিদ রক্ষায় গুরুত্বপূর্ণ আইনি সাফল্য পেয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। মসজিদের বিরুদ্ধে মুরাদাবাদ ডেভেলপমেন্ট অথরিটি (এমডিএ) জারি করা আগের শোকজ নোটিশ প্রত্যাহার করে নিয়েছে।

২৮ সেপ্টেম্বর ২০২৬ এলাহাবাদ হাইকোর্টে মামলাটির শুনানি হয়। বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি কুনাল রবি সিংয়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানির সময় এমডিএর পক্ষ থেকে জানানো হয়, আগের নোটিশটি অস্পষ্ট হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী সময়ে নতুন নোটিশ জারি করা হবে। কর্তৃপক্ষের এ বক্তব্য রেকর্ডে নিয়ে আদালত রিট আবেদনটি নিষ্পত্তি করেন।

বিজ্ঞাপন
banner

মসজিদের মুতাওয়াল্লি জিশান আহমদ ফারিদের পক্ষ থেকে ‘মুতাওয়াল্লি মসজিদ জিশান আহমদ ফারিদ বনাম উত্তর প্রদেশ সরকার ও অন্যান্য’ শিরোনামে রিটটি দায়ের করা হয়। এর আগে গত ২১ আগস্ট উত্তর প্রদেশ আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, ১৯৭৩-এর ২৭(১) ধারায় মসজিদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছিল এমডিএ।

রিট আবেদনে বলা হয়, নোটিশটি অস্পষ্ট এবং এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনগত ও নথিপত্রসংক্রান্ত বিষয় পরিষ্কার করা হয়নি। একই সঙ্গে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা পর্যন্ত মসজিদের বিরুদ্ধে কোনো ধরনের উচ্ছেদ, ভাঙচুর বা জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়।

শুনানিতে উত্তর প্রদেশ সরকারের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এমসি চতুর্বেদী আদালতকে জানান, আগের নোটিশটি অস্পষ্ট ছিল। এ কারণে সেটি প্রত্যাহার করা হয়েছে এবং আইন অনুযায়ী নতুন নোটিশ জারি করা হবে। আদালত এ বক্তব্য নথিভুক্ত করে রিট আবেদনটি নিষ্পত্তি করেন।

মোস্তফা মসজিদ রক্ষায় জমিয়তে উলামায়ে হিন্দের আইনি কার্যক্রম সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির নির্দেশনা ও নেতৃত্বে চলছে। আইনি প্রস্তুতি ও মামলার কার্যক্রমে অ্যাডভোকেট মুহাম্মদ তাহের হাকিম, অ্যাডভোকেট মুহাম্মদ নিজাম পাশা এবং জমিয়তে উলামায়ে গুজরাটের সাধারণ সম্পাদক অধ্যাপক নিসার আহমদ আনসারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আদালতে মসজিদের পক্ষে জমিয়তে উলামায়ে হিন্দের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট শশী নন্দন ও অ্যাডভোকেট অন রেকর্ড আদিত্য পরিহার উপস্থিত ছিলেন। এর আগে ২৪ সেপ্টেম্বরের শুনানিতেও মসজিদটির আইনি সুরক্ষার বিষয়ে আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়।

জমিয়তে উলামায়ে হিন্দ জানিয়েছে, মসজিদ রক্ষায় তাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222