জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীর সোনাগাজীতে ৪০ দিন নিয়মিত প্রথম জামাতে নামাজ আদায় করে ২৯৪ জন শিশু-কিশোর পুরস্কার হিসেবে পেয়েছে বাইসাইকেল। ধর্মীয় অনুশীলনে শিশু-কিশোরদের আগ্রহী করতে ব্যতিক্রমী এ আয়োজন করে নবাবপুর ইউনিয়ন পরিষদ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নবাবপুর ইউনিয়নের ভবানী চরণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে সাইকেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
এই আয়োজনের অংশ হিসেবে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্ত নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবদুল হামিদ বলেন,
“আজ সাইকেল পেয়ে খুব ভালো লাগছে। এমন পুরস্কার আমাদের ধর্মকর্মে আরও উৎসাহী করবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম। তিনি বলেন,
“নবপ্রজন্মকে ধর্মীয় অনুশাসনে গড়ে তুলে মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখাই আমাদের লক্ষ্য। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নৈতিক মূল্যবোধের বিকাশে এধরনের ধর্মীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা এবং হোসাফ গ্রুপ অব কোম্পানির পরিচালক মাবরুর হোসাইন।
সঞ্চালনায় ছিলেন কলরব শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক পরিচালক ইয়াসিন হায়দার। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএ/
