স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে আবার ভেটো যুক্তরাষ্ট্রের

by Nur Alam Khan

অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের আহ্বানের বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

গত নভেম্বরের পর থেকে ১৫ সদস্যের এই সংস্থার এটিই প্রথম ভোট। এর আগে নভেম্বরে ইসরাইলে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয় যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
banner

নতুন প্রস্তাবে সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা হয়। পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তি দেয়ারও আহ্বান জানানো হয়।

এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতি’ তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছিল।

নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি বলেন, তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। ভোটাভুটি শুরুর আগেই জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া ১৫ সদস্যের কাউন্সিলের ১০টি দেশের উপস্থাপিত প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথা স্পষ্ট করে দেন।

তিনি বলেন, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর মধ্যে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে তারা আর কখনও ইসরায়েলকে হুমকি দেয়ার মতো অবস্থানে থাকবে না।

সূত্র: আল জাজিরা

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222