বাড়ছে করোনা, মেট্রোরেলে মাস্ক ব্যবহারের অনুরোধ

by Nur Alam Khan

দেশে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সবাইকে এই অনুরোধ মানার আহ্বান জানায়।

এর আগে, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ভ্রমণের প্রসঙ্গ টেনে ট্রেনে যাতায়াতের সময় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয় রেলপথ মন্ত্রণালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, দেশে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ হার বাড়ছে—এ বিবেচনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জনসমাগমস্থলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন
banner

দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন’-এর ১৬২৬৩ নম্বরে করোনাসংক্রান্ত ফোনকল হঠাৎ করে বেড়ে গেছে। এই নম্বরে ফোন করে স্বাস্থ্যবিষয়ক যেকোনো পরামর্শ নেওয়া যায়।

গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। যদিও পরিস্থিতি এখনো গুরুতর পর্যায়ে পৌঁছায়নি, তবুও সংক্রমণের গতি বাড়ছে—এমন ইঙ্গিতই মিলছে সাম্প্রতিক তথ্য-উপাত্তে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনার নতুন ধরন এনবি.১.৮.১ ধীরে ধীরে বিস্তৃতি পাচ্ছে। এর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হলেও আগের ধরনগুলোর চেয়ে এতে ঝুঁকি বেশি নয় বলে উল্লেখ করা হয়।

তবে এই ধরনটি প্রতিবেশী দেশ ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও তা প্রবেশ করতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জনস্বাস্থ্যবিদ ডা. আবু জামিল ফয়সাল বিষয়টি নিয়ে সতর্ক করে বলেছেন, “এই ধরনের বিস্তার রোধে আমাদের এখনই প্রস্তুতি নেওয়া দরকার।”

করোনা প্রতিরোধে ব্যক্তিগত সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222