রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও নারী শিক্ষিকাকে জুতাপেটা অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়। বহিষ্কৃত আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিলেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ার কারণে কলেজ ও এর আশপাশের ১০০ গজ এলাকায় প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করেন। তারা বিগত সময়ে কলেজের আয়-ব্যয়ের হিসাব দাবি করে অধ্যক্ষের সঙ্গে বিবাদে লিপ্ত হন। একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে তারা সেখানে উপস্থিত প্রভাষক আলেয়া খাতুন হীরাকে লাঞ্ছিত ও মারধর করেন। এর কিছুক্ষণ পর তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের ওপর হামলা চালান এবং অফিস কক্ষের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করেন।
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কলেজে এসে বিভিন্ন অজুহাতে হিসাব চাইতেন, যার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি। ঘটনার দিন অধ্যক্ষের কক্ষে প্রতিবাদ করায় তারা আমার ওপর হামলা ও অশোভন আচরণ করেছে। তবে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কলেজের বিগত দিনের দুর্নীতির হিসাব চাইলে শিক্ষকরাই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং প্রভাষক আলেয়া খাতুন হীরাই প্রথমে তাদের ওপর চড়াও হন। উদ্ভূত পরিস্থিতিতে দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় বিএনপি দ্রুত তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বহিষ্কারের এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
টিএইচএ/
