চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সড়কে চাঁদা আদায়ের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিক সংগঠনের সদস্যরা আকস্মিক কর্মবিরতি শুরু করায় শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়। ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সাথে সারা দেশের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অভিযোগ, দুটি সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাসগুলো থেকে পৃথকভাবে চাঁদা আদায় করছে।
এ বিষয়ে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানান, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে নির্ধারিত হারে শ্রমিক কল্যাণ চাঁদা আদায় করে আসছিল। কিন্তু সম্প্রতি মোটর শ্রমিক ইউনিয়নের নামে শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে একটি পক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো এখতিয়ার অন্য সংগঠনের নেই দাবি করে তিনি জানান, সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
অন্যদিকে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত পাল্টাপাল্টি অভিযোগ করে বলেন, তারা নিয়ম মেনেই শুধুমাত্র বাস থেকে চাঁদা আদায় করছেন। বরং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন তাদের আওতাধীন যানবাহনের বাইরেও বাস থেকে চাঁদা নিচ্ছে, যার কোনো অনুমতি নেই। সার্বিক বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুই সংগঠনের দ্বন্দ্ব নিরসনে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসলেও উভয়ের অনড় অবস্থানের কারণে কোনো সমঝোতা হয়নি। তবে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে উভয় পক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
টিএইচএ/
