বিশ্বব্যাংক-এডিবির সাক্ষাত প্রত্যাখ্যান করলেন তালেবান সরকার প্রধান

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের তালেবান সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গে সাক্ষাতের জন্য বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। গত সোমবার কান্দাহার সফরকালে আন্তর্জাতিক এই প্রতিনিধিদলটি তালেবান প্রধানের সঙ্গে বৈঠকে বসার অনুরোধ জানালে তা নাকচ করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২১ জুলাই) আফগান সংবাদমাধ্যম আফগানিস্তান ইন্টারন্যাশনাল-এর এক বিশেষ প্রতিবেদনে কান্দাহারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক যৌথ প্রতিনিধিদলটিতে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং আন্তর্জাতিক অর্থ করপোরেশনের (আইএফসি) জ্যেষ্ঠ কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। আইএফসির কাবুল কার্যালয়ের প্রধান ওয়াজমা মোহমান্দসহ প্রতিনিধিদলে একাধিক নারী কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি কান্দাহারের তালেবান গভর্নর মোল্লা শিরিনের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের আবেদন জানান। তবে সূত্র জানায়, অনুরোধটি তালেবান প্রধানের কাছে পৌঁছানোর আগেই গভর্নর কার্যালয়ের বৈঠকে প্রতিনিধিদলকে জানিয়ে দেওয়া হয় যে এ ধরনের সাক্ষাৎ আয়োজনের সুযোগ নেই। এমন বার্তা পাওয়ার পর প্রতিনিধিদলটি সাক্ষাতের উদ্যোগ বাতিল করে সফরের অন্যান্য নির্ধারিত কর্মসূচিতে অংশ নেয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বিচ্ছিন্ন বিশ্বনেতাদের অন্যতম বলা হয় হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে। ২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে গত ৫ বছরে তিনি কাতারের প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে প্রত্যক্ষ বৈঠকে বসেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তালেবান সরকারের দৈনন্দিন প্রশাসনিক কাজ মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচালনা করলেও শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা বা অন্য যেকোনো কৌশলগত বড় সিদ্ধান্ত আখুন্দজাদার কার্যালয় থেকেই নেওয়া হয়। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী হলেও মূলত নিরাপত্তা ঝুঁকি, সিদ্ধান্ত গ্রহণের গোপনীয়তা এবং জনসমক্ষে না আসার কৌশলের কারণে তাঁর কাছের উপদেষ্টারা বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে এ ধরনের বৈঠক এড়িয়ে চলছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222