অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

by Abid vs36

সুন্দরবনের কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন দস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ মেসবাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত এবং উপকূলীয় ও ম্যানগ্রোভ বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের দীর্ঘমেয়াদী বিশেষ অভিযান ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হয়ে আসছে। বিজিবির ক্রমাগত টহল ও গোয়েন্দা তৎপরতার মুখে কোণঠাসা হয়ে পড়া ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ (৪৫) তাঁর সহযোগীদের নিয়ে অপরাধ পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন। আত্মসমর্পণকারী দস্যুদের অধিকাংশের বাড়ি খুলনা জেলার পাইকগাছা, কয়রা ও বটিয়াঘাটা উপজেলায়। এছাড়া বাগেরহাটের মোংলা, রামপাল, শরণখোলা, কচুয়া, ফকিরহাট এবং পিরোজপুর জেলারও বেশ কয়েকজন সদস্য রয়েছে।

বিজ্ঞাপন
banner

আত্মসমর্পণকালে দস্যুরা কোস্ট গার্ডের কাছে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজসহ বিপুল অস্ত্রশস্ত্র জমা দেয়। জিম্মি ও জলদস্যুতার সঙ্গে জড়িত এই অপরাধীদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সরকারের প্রচলিত পুনর্বাসন নীতিমালার আওতায় অপরাধের পথ ছেড়ে দেওয়া এসব সদস্যদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।

কোস্ট গার্ডের কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, এর আগে ধারাবাহিক অভিযানের মুখে ‘ছোট সুমন বাহিনী’র ৭ জন এবং ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র ৩ জন সদস্য আত্মসমর্পণ করেছিলেন। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সুন্দরবনকে চিরতরে দস্যুমুক্ত না করা পর্যন্ত কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222