নিজস্ব প্রতিবেদক:: ধারাবাহিক গৌরবোজ্জ্বল সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আবারও অনন্য উচ্চতায় পৌঁছাল রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এই অভাবনীয় ও ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল।
সোমবার (১০ আগস্ট) সাফল্য অর্জনের এই মাহেন্দ্রক্ষণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির দূরদর্শী কাণ্ডারি ও অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটি একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এ বছরও পাশের হার ও মেধার দিক থেকে ঈর্ষণীয় পারফরম্যান্স দেখিয়েছে।
মোট শিক্ষার্থী ও পাশের হার: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ১,৬৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৬৮৮ জন সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সর্বমোট পাশের হার ৯৯.৫৯ শতাংশ।
জিপিএ-৫ অর্জন: মেধার স্বাক্ষর রেখে সর্বমোট ৭৯৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করেছে।
বাংলা মাধ্যম: বাংলা মাধ্যমে ১,৫৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৫৯০ জন উত্তীর্ণ হয়ে ৯৯.৭৬ শতাংশ পাশের হার অর্জন করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ জন। বিশেষ করে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাশের হার ছিল শতভাগ (১০০%) এবং বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৬২ শতাংশ।
ইংরেজি ভার্সন: ইংরেজি ভার্সনে অংশগ্রহণকারী ৯৮ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ (১০০%) পাশের কৃতিত্ব দেখিয়েছে, যার মধ্যে ৭৮ জন শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে।
শিক্ষাবিদদের মতে, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এই ঈর্ষণীয় অর্জনের পেছনে রয়েছে দক্ষ পরিচালনা পরিষদ, শিক্ষকদের নিবিড় পরিচর্যা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের কঠোর অনুশীলন। নিয়মিত পাঠদান ও কঠোর শৃঙ্খলার কারণেই প্রতি বছর জাতীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানটি মেধার চূড়ান্ত স্বাক্ষর রেখে চলেছে।
অধ্যক্ষকে সংবর্ধনা ও অভিবাদন
প্রতিষ্ঠানটির এই অসাধারণ ও গৌরবময় অর্জনের ধারা বজায় রাখায় অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লাকে আন্তরিক অভিনন্দন ও সংবর্ধনা জানান আশকান ডেভেলপমেন্টস লিমিটেডের চেয়ারম্যান আবু সায়েম খালেদ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য মো. সপন খান। তাঁরা অধ্যক্ষের সুদূরপ্রসারী নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
