আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বকাপ ফাইনাল মাঠে বসেই দেখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি তিনি গ্যালারি থেকে উপভোগ করবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।
লেভিট বলেন, ‘রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় আমরা আছি। প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার অপেক্ষায় রয়েছেন।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন। প্রেসিডেন্টের উপস্থিতি সেই সফল আয়োজনের একটি তাৎপর্যপূর্ণ সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।
ট্রাম্প ফাইনালে কোন দলকে সমর্থন করবেন—এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, এ বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। তবে এ প্রশ্নের জবাব প্রেসিডেন্টের কাছ থেকেই পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: রয়টার্স
