দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, জননিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর, দৃশ্যমান ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা জমিয়তের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ জামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, জেলা সহ-সভাপতি মাওলানা বাহা উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান মাওলানা আবুল কাশেম জিহাদী,মাওলানা আব্দুল কাইয়ুম জামী, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর হোসাইন মাওলানা আবু বকর সিদ্দিক, সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাওলানা আফেন্দী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, ভেজাল খাদ্যের বিস্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদকের সহজলভ্যতা সাধারণ মানুষের জীবনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে উৎপাদন, পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে খাদ্যের মান নিয়ন্ত্রণ, বাজার তদারকি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করতে হবে।
বক্তব্যে মাওলানা আফেন্দী সম্প্রতি আলোচিত দেশবিরোধী চুক্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয় জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা এবং প্রয়োজনে সংসদ ও জনপরিসরে খোলামেলা আলোচনা হওয়া উচিত। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের অস্পষ্টতা বা গোপনীয়তা কাম্য নয়।
তিনি দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
