চীন থেকে মানসম্মত বিদ্যুৎ সরঞ্জাম আমদানির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সাধারণ অধিদপ্তর (জেনারেল ডিরেক্টরেট অব স্টেট-ওনড কোম্পানিজ)। দেশটির অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চীনে অবস্থিত বিভিন্ন বিদ্যুৎ সরঞ্জাম প্রস্তুতকারক কারখানার প্রযুক্তিগত মূল্যায়ন সম্পন্ন এবং একাধিক প্রস্তুতকারকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই এসব সরঞ্জামের উৎপাদন ও চালান পাঠানো শুরু হয়েছে। চুক্তির প্রথম ধাপে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক এবং বৈদ্যুতিক ইনসুলেশন সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশবাহী প্রায় ২৭টি কনটেইনার আফগানিস্তানে পাঠানো হচ্ছে।
আফগান কার্ট, ব্রেশনা এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সাধারণ অধিদপ্তরের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় দেশটির নিজস্ব চাহিদার ওপর ভিত্তি করে এই সরঞ্জামগুলো আমদানি করা হচ্ছে। দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতের অবকাঠামো শক্তিশালী করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএইচএ/
