আন্তর্জাতিক ডেস্ক :: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) কুমামোতো প্রিফেকচার (প্রশাসনিক অঞ্চল) সরকার আরও জানায়, ভূমিকম্পে আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের কিউশু দ্বীপের উকী শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, রেল চলাচল ব্যাহত হয় এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়। এর মধ্যে একটি ছিল নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানায় কাঠামোগত ক্ষতি, আরেকটি ছিল একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের আরও শক্তিশালী পরাঘাতের (আফটারশক) জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, প্রচণ্ড গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির সংকট দেখা দিয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও কঠিন করে তুলছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে এক দশক আগে কুমামোতো অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
