চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) বেলা দেড়টার দিকে বারইয়ারহাট-জোরারগঞ্জ সড়কের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মঘাদিয়া ইউনিয়নের দরগাহপাড়া কালা পীরশা জামে মসজিদের খতিব জয়নাল আবেদীন (৩৭) ও মুয়াজ্জিন জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদীন ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে। আর জহির উদ্দিন মঘাদিয়া ইউনিয়নের মৃত খুরশিদ আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন ও জহির উদ্দিন মসজিদের কাজে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের সঙ্গে দেখা করতে বারইয়ারহাটস্থ তার কার্যালয়ে আসেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চৌধুরীহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহগুলো হাসপাতালে রয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
