আন্তর্জাতিক ডেস্ক:: তথ্য আদান-প্রদানের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত করার ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত সম্ভাবনা আফগানিস্তানের রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার।
রবিবার (২৬ জুলাই) কাবুলে আয়োজিত এক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর আরিয়ানা নিউজের।
অনুষ্ঠানে তালেবান সরকারের এই শীর্ষ নেতা বলেন, আধুনিক যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে যোগাযোগ ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়া তাদের অন্যতম অগ্রাধিকার। বিদ্যমান সম্পদ পর্যায়ক্রমে ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করাই ইসলামিক আমিরাতের লক্ষ্য। তিনি দাবি করেন, ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান ডিজিটাল শাসন ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
একই অনুষ্ঠানে প্রশাসনিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি সব সরকারি সংস্থাকে ডিজিটাল সেবার আওতায় আনার তাগিদ দেন। সরকারি প্রতিষ্ঠানগুলোকে এক ব্যবস্থার অধীনে এনে নাগরিকদের দ্রুত সেবা দেওয়ার ওপর জোর দেন তিনি।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি জানান, বাণিজ্য ও রপ্তানি প্রক্রিয়া সহজ করতে শিগগিরই একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল সিস্টেম চালু করা হবে। অন্যদিকে, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল আহাদ ফজলী প্রান্তিক ও দুর্গম এলাকাগুলোতে ফোর-জি ও টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেস কমিউনিকেশন কোম্পানির (এডব্লিউসিসি) প্রধান নির্বাহী আলিউল্লাহ সারওয়ারী বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রত্যন্ত অঞ্চলে বিনিয়োগ ও সেবার মান বাড়াতে কাজ করছেন তারা।
কাবুলে আয়োজিত এই প্রযুক্তি প্রদর্শনী শেষে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং জনসেবা সহজীকরণের লক্ষ্যে আফগানিস্তানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।
