দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলে তোপ দাগলেন নাসিরুদ্দিন শাহ

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ ও সহিংসতার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রখ্যাত বলিউড অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী নাসিরুদ্দিন শাহ। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলে অভিহিত করেছেন।

ককরোচ জনতা পার্টির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি আবেগঘন ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চালানো পুলিশি নির্যাতনের কঠোর সমালোচনা করেন। শিক্ষার্থীদের ওপর এমন নির্মম হামলায় নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, দেশের নেতৃত্বে যদি কোনো অজ্ঞ ব্যক্তি অবস্থান করে, তবে সে পুরো জাতিকেও তার মতো অজ্ঞ, অযোগ্য, অবিবেচক ও নির্মম করে গড়ে তুলতে চায়।

বিজ্ঞাপন
banner

শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টদের সাথে তুলনা করে এই গুণী অভিনেতা বলেন, মুখ মুখোশে ঢেকে ও হাতে লাঠি নিয়ে যারা আমাদের সন্তানদের ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছে, তারা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পারে না, তারা স্রেফ গুন্ডা। একই সাথে তিনি হামলাকারীদের সতর্ক করে দিয়ে বলেন যে, এমন নির্মম আচরণের হিসাব ও পরিণতি একদিন তাদের নিজেদেরকেই ভোগ করতে হবে।

সহিংসতার মুখোমুখি হওয়া তরুণ সমাজকে আশা ও সাহস না হারানোর আহ্বান জানান এই প্রবীণ শিল্পী। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুরো দেশ ও অসংখ্য বিবেকবান মানুষ আজ ন্যায়সংগত এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। দেশের তরুণ প্রজন্মের প্রতি তাঁর আস্থা বরাবরই ছিল এবং এই লড়াইয়ের মাধ্যমে সেই বিশ্বাস আরও কয়েক গুণ দৃঢ় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শেষ পর্যন্ত নিজেদের ন্যায্য অধিকার আদায়ের এই সংগ্রাম চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222