দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

by Abid vs36

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে শুরুতেই তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন পাওয়ার নজির না থাকায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

রোববার (১২ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব তথ্য জানান। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে থাকা শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের যে ইচ্ছা প্রকাশ করেছেন, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিফ প্রসিকিউটর তার আইনি অবস্থান স্পষ্ট করেন।

বিজ্ঞাপন
banner

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন পাওয়ার নজির নেই। তাই শেখ হাসিনাকে দেশে আনা মাত্রই তাকে জেলে যেতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে সময়সীমা পার হওয়ার পর দেশে ফিরলে তার আপিল করার সুযোগ থাকবে কি না, তা জেলে যাওয়ার পর আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, ট্রাইব্যুনালের রায় অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীর দেশের সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ইতিমধ্যেই রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়েছে। এর ফলে ব্যাংকে থাকা অর্থ বা কোনো স্থাবর সম্পত্তির ওপর তার আর কোনো মালিকানা নেই এবং তিনি তা হস্তান্তর বা ব্যবহার করতে পারবেন না। প্রচলিত আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই রায় কার্যকর করার প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকায় নিজ ইচ্ছায় আসার সুযোগ নেই। দুই দেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অথবা ‘পুশব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

এ ছাড়া ট্রাইব্যুনালের অন্যান্য সংবেদনশীল মামলার হালনাগাদ তথ্য দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে এবং আগামী ২১ জুলাই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রধান ১০টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগ আমলের অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর তদন্ত কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222