বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান)। ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক লিখিত শুভেচ্ছা বার্তায় তিনি সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
লিখিত বক্তব্যে আক্তারুজ্জামান ভূঞাঁ বলেন, আদিয়াবাদই তাঁর জন্মভূমি এবং নাড়ির টান। তাঁর শ্রদ্ধেয় বাবা মরহুম আব্দুল মজিদ ভূঞাঁ (মজিদ মাস্টার) আজীবন এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিঃস্বার্থভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বাবার সেই সুমহান আদর্শ ও অসমাপ্ত জনকল্যাণমূলক স্বপ্নকে বুকে ধারণ করেই তিনি এর আগেও দু’বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, জনগণের ভালোবাসা ও নিঃস্বার্থ সমর্থন সবসময় তাঁকে কাজ করার অদম্য অনুপ্রেরণা জুগিয়েছে। সেই আস্থার জায়গা থেকেই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘদিন ধরে মো. আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) আদিয়াবাদ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি মূলত জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চান।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির দিকনির্দেশনা ও নেতৃত্বে নির্বাচিত হলে আদিয়াবাদ ইউনিয়নের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করাই হবে তাঁর মূল লক্ষ্য। এছাড়া আদিয়াবাদ ইউনিয়নকে সব ধরনের মাদক, অপরাধ, অন্যায় ও দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ, আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি আদিয়াবাদ ইউনিয়নের সর্বস্তরের ভোটার, মুরুব্বি, তরুণ সমাজ ও সর্বসাধারণের কাছে আগামী দিনে এলাকার কল্যাণে তার পাশে থাকার উদাত্ত আহ্বান জানান এবং দোয়া কামনা করেন।
টিএইচএ/
