আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তার করা উচিত বলে মনে করছেন দেশটির প্রায় অর্ধেক নাগরিক। ইউগভ ও দ্য ইকোনমিস্টের যৌথ পরিচালনায় পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
জরিপের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে সরাসরি মত দিয়েছেন ৪৯ শতাংশ আমেরিকান। বিপরীতে গ্রেপ্তারের বিরোধিতা করেছেন ২৭ শতাংশ এবং ২৩ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি। উল্লেখ্য, বিগত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে ভোট দেওয়া নাগরিকদের ৭৪ শতাংশ নেতানিয়াহুর গ্রেপ্তারের সমর্থন করেছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভোটারদেরও প্রায় এক-চতুর্থাংশ বা ২৩ শতাংশ ইসরাইলি প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের পক্ষে মতামত দিয়েছেন। গত ২৫ থেকে ২৭ জুলাই ১,৫৫৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপটি পরিচালনা করে ইউগভ।
জরিপটিতে অংশ নেওয়া ৪৭ শতাংশ উত্তরদাতা মনে করেন নেতানিয়াহু গাজায় সরাসরি যুদ্ধাপরাধের জন্য দোষী এবং একই পরিমাণ নাগরিকের মত, তাঁর গৃহীত নানা সিদ্ধান্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এছাড়া ৪৩ শতাংশ আমেরিকান মনে করেন গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইল গণহত্যা চালাচ্ছে। হ্যারিসের সমর্থকদের ৭২ শতাংশ এবং ট্রাম্প সমর্থকদের ২২ শতাংশ গাজার এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, গাজা সংকটের জবাবদিহিতার দাবি এখন কেবল ফিলিস্তিন সমর্থক বলয়ে সীমাবদ্ধ নেই, বরং আমেরিকার মূলধারার জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। অপরদিকে, পশ্চিমা জনমত নিজেদের অনুকূলে আনতে ইসরাইল সরকার বিপুল অংকের অর্থ বিনিয়োগ করছে। অনুসন্ধানে উঠে এসেছে, অনলাইন চ্যাটবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য নিয়ন্ত্রণ করতে ব্র্যাড পারস্কেলের মালিকানাধীন ‘ক্লক টাওয়ার এক্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪৬.৫ মিলিয়ন ডলার চুক্তি দিয়েছে ইসরাইলি প্রশাসন। ১০টি বেনামী ভুয়া সংবাদ ও তথ্য-যাচাইকারী ওয়েবসাইট খুলে এআই সিস্টেমগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালালেও, ইউগভের এই নতুন জরিপ প্রমাণ করছে আমেরিকানরা সেই তথ্য-প্রচারণা প্রত্যাখ্যান করে নেতানিয়াহুর বিচার চায়।
টিএইচএ/
