পশ্চিম তীরে ইসরাইলি দখলদারদের মসজিদে আগুন

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে রোববার ভোরে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ইসরাইলি দখলদাররা। পৃথক কয়েকটি নৃশংস হামলায় তারা একটি নির্মাণাধীন মসজিদে আগুন ধরিয়ে দেয়, এক ফিলিস্তিনির বাড়ি ভস্মীভূত করার চেষ্টা করে এবং রামাল্লার পূর্বাঞ্চলে ফিলিস্তিনি কর্মীদের ওপর হামলা চালিয়ে রক্তপাত ঘটায়। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা ও তুর্কি সংবাদমাধ্যম আনদালুর বরাতে ২৬ জুলাই এই খবর নিশ্চিত করা হয়েছে।

নাবলুসের দক্ষিণে অবস্থিত কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি জানান, চরমপন্থী দখলদাররা শহরের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে নির্মাণাধীন ‘আল-রহমা’ মসজিদে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে পবিত্র মসজিদের নির্মাণকাজে রক্ষিত মূল্যবান কাঠের সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পুড়ে ছাই হয়ে যায়। এর পাশাপাশি নাবলুসের পূর্বে বেইত ফুরিক শহরের আল-দুব্বাত এলাকায় ফিলিস্তিনি নাগরিক উবাদা মলেইতাতের বাড়িতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। ফিলিস্তিনি অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছানোর আগেই বাড়িটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। চরমপন্থীরা এলাকা ছাড়ার আগে দেয়াল জুড়ে আরবদের বিরুদ্ধে প্রতিশোধ ও বিদ্বেষমূলক বার্তা লিখে রেখে যায়।

বিজ্ঞাপন
banner

অন্য এক ন্যাক্কারজনক ঘটনায়, রামাল্লার পূর্বাঞ্চলীয় কফর মালিক শহরের আইন সামিয়া এলাকায় অবস্থিত একটি পাথর ভাঙার কারখানায় তাণ্ডব চালায় ইসরাইলি দখলদাররা। সেখানে কর্মরত কয়েকজন ফিলিস্তিনি শ্রমিককে শারীরিক নির্যাতন ও মারধর করা হলে তারা গুরুতর রক্তাক্ত ও আহত হন। সেখান থেকে চম্পট দেওয়ার আগে কারখানার ভারী যন্ত্রপাতি ও ক্র্যাশার মেশিনেও আগুন ধরিয়ে দেয় তারা।

উলেখ্য, গত কয়েক দিন ধরে পশ্চিম তীরজুড়ে বাড়তে থাকা ইসরাইলি সংঘাত ও সেনা অভিযানের অংশ হিসেবেই এই সহিংসতার ধারাবাহিকতা চলছে। এর আগে নাবলুসের কাছে তেল শহরে ইসরাইলি বাহিনীর সহায়তায় ফিলিস্তিনিদের ওপর হামলায় ৪ ফিলিস্তিনি ও সংঘর্ষে ২ ইসরাইলি নিহত হন। ওই ঘটনার পর পুরো নাবলুস শহর অবরুদ্ধ করে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী। ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় পশ্চিম তীরে এ পর্যন্ত ১,১৮২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত, হাজার হাজার আহত এবং প্রায় ২৪,০০০ মানুষকে বন্দী করেছে ইসরাইল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222