আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চলমান দীর্ঘমেয়াদি নিরাপত্তা সংকট ও সংঘাতের সাথে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলামিক আমিরাত আফগানিস্তানের (তালেবান সরকার) কেন্দ্রীয় প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সাথে অভ্যন্তরীণ ব্যর্থতার দায় আফগানিস্তানের ওপর না চাপিয়ে ইসলামাবাদকে সরাসরি কূটনৈতিক আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি।
সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আন্তর্জাতিক মঞ্চে আফগানিস্তানের ভূখণ্ডকে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা হিসেবে ব্যবহার করার অভিযোগ তোলেন। তার জবাবে কাবুলের পক্ষে এই জোরালো বার্তা দেন মুজাহিদ।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানে অস্থিতিশীলতা ও নিরাপত্তার অভাব কোনো নতুন ঘটনা নয়; এর শিকড় বহু বছরের পুরোনো এবং আফগানিস্তানের ইসলামিক আমিরাত শাসনের সাথে এর কোনো ধরনের সম্পর্ক নেই। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে অভয় দিয়ে তিনি যোগ করেন, ইসলামিক আমিরাত আবারও বিশ্বের সকল দেশকে নিশ্চিত করছে যে আফগানিস্তান নিয়ে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যদি কোনো দেশের সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা উদ্বেগ থাকে, তবে তা ইসলামিক আমিরাতের সাথে সরাসরি তুলে ধরা উচিত, যাতে তাৎক্ষণিক ও উপযুক্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
এর আগে শ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন আফগানিস্তানকে দেওয়া সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি পালনে চাপ প্রয়োগ করে। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, তারা আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে চান, তবে আফগান ভূখণ্ডকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না।
তথ্যসূত্র: টোলো নিউজ
টিএইচএ/
