পাকিস্তানে নিষিদ্ধ হলো আল জাজিরা

by Abid vs36

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন ও নির্বাচন ঘিরে সংঘাতের খবর প্রকাশের পর দেশটিতে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা নিষিদ্ধ বা অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আল জাজিরা নিষিদ্ধ করার কোনো ঘোষণা দেয়নি। তবে পাকিস্তানের অনেক ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন যে, তারা আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনের কঠোর সমালোচনা করে দাবি করেছে, সংবাদমাধ্যমটি ‘বাছাই করা’ ভোটকেন্দ্র থেকে প্রতিবেদন তৈরি করে আজাদ কাশ্মীর বা এজেকে-র নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট সময় ও বাছাই করা ব্যক্তিদের বক্তব্য ব্যবহার করে আল জাজিরা কাশ্মীর নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ বা অতিরঞ্জিত ও চাঞ্চল্যকর সাংবাদিকতার অভিযোগ এনে ইসলামাবাদ দাবি করেছে, এ ধরনের প্রতিবেদন বহিরাগত স্বার্থান্বেষী গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করছে এবং নির্বাচনের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন
banner

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অধিকার রক্ষা সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ রাখা এবং সাংবাদিকদের ওপর হয়রানির তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সিপিজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ রাখা, যোগাযোগব্যবস্থায় কঠোর বিধিনিষেধ, পেশাগত সংবাদ সংগ্রহে বাধা এবং সাংবাদিকদের আটক ও নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তান কর্তৃপক্ষকে অবিলম্বে এই দমন-পীড়নমূলক নীতি বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সিপিজে আরও জানিয়েছে, স্বাধীন সাংবাদিক রাজি তাহির ও তার সহকর্মী মোহাম্মদ সাইফ গত ১ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। অভিযোগ রয়েছে যে, ইসলামাবাদের নিজ কার্যালয় থেকে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থেকে থাকেন, তবে তা অবিলম্বে প্রকাশ করা, যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা এবং ইচ্ছাকৃতভাবে আটক রাখা হয়ে থাকলে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সিপিজে। এর আগে কাশ্মীরি সাংবাদিক রাজা ইকরামকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সিপিজের তথ্যমতে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ৫ জুন থেকে আংশিক ইন্টারনেট ও টেলিযোগাযোগে কঠোর বিধিনিষেধ চলছে এবং আল জাজিরার ওয়েবসাইটে প্রবেশ সীমিত করার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222