২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যম অনুষ্ঠানে প্রকাশ্য বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে আয়োজিত উক্ত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নেওয়া আমন্ত্রিত অতিথিদের তালিকায় যুক্ত রয়েছে জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি) সাউথ এশিয়ার উদ্যোগে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। যেখানে সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আওয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। এফসিসির নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি সরাসরি সম্প্রচার করা হবে।
খবরে বলা হয়, বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী দীর্ঘ রাজনৈতিক বিরতির পর এই প্রকাশ্য উপস্থিতিতে শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তাভাবনা এবং দেশে প্রত্যাবর্তনের সম্ভাব্য রূপরেখা তুলে ধরতে পারেন।
এফসিসির পক্ষ থেকে প্রকাশিত অনুষ্ঠানের অফিসিয়াল আমন্ত্রণপত্রে সাকিব আল হাসান ছাড়াও শেখ হাসিনার ছেলে সাবেক তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কয়েকজন রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে আগস্টে সংসদ বিলুপ্ত হলে পদ হারান তিনি।
তবে এই অনুষ্ঠানে সাকিবের নাম আমন্ত্রিতদের তালিকায় থাকলেও তিনি সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন কি না, তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি ইন্ডিয়া টুডে। বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে অবস্থান করছেন এই অলরাউন্ডার।
টিএইচএ/
