যে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের মাধ্যমে তিন দশক আগে ছাত্ররাজনীতিতে আলোড়ন তুলে জাতীয় রাজনীতির পাদপ্রদীপে এসেছিলেন ধর্মেন্দ্র প্রধান, প্রায় ২৯ বছর পর ঠিক তেমনই এক প্রশ্নফাঁস কেলেঙ্কারির দায় মাথায় নিয়েই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হলো তাঁকে। ১৯৯৭ সালের উত্তাল ছাত্রনেতা থেকে ২০২৬ সালের ক্ষমতার শীর্ষে থাকা মন্ত্রীর পদে ইস্তফা—ঘটনাচক্রে জীবনের এই পরম বৈপরীত্যের মুখোমুখি হলেন এই বিজেপি নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে জানা যায়, ১৯৯৭ সালে ওড়িশায় তৎকালীন কংগ্রেস সরকারের আমলে এক বড় ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছিল। সেই অন্যায়ের প্রতিবাদে ওড়িশার রাজ্য সচিবালয়ের সামনে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এক বিশাল বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’ (এবিভিপি)-এর উদীয়মান নেতা ধর্মেন্দ্র প্রধান।
তখন তিনি Utkal University (উৎকল বিশ্ববিদ্যালয়)-এর নৃবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দুই দফায় এবিভিপির জাতীয় সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ধর্মেন্দ্র প্রধানের তৎকালীন সহপাঠী ও বর্তমানে ভুবনেশ্বরের আরএমডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত রাউতের ভাষ্য মতে, সেই দিনের শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করলে ধর্মেন্দ্র প্রধান মারাত্মকভাবে আহত হন এবং তাঁর শরীরের কয়েকটি হাড় ভেঙে যায়। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রসংসদ নির্বাচনে জয় সুনিশ্চিত দেখে প্রতিপক্ষদের রক্তক্ষয়ী হামলার শিকারও হতে হয়েছিল তাঁকে।
ছাত্ররাজনীতিতে নিজের রক্ত ও ঘাম দিয়ে তৈরি করা সেই সাহসিকতার অভিজ্ঞতাকে পুঁজি করেই পরবর্তীতে বিজেপির মূলধারার রাজনীতিতে দ্রুত নিজের ভিত শক্ত করেন ধর্মেন্দ্র প্রধান। ওড়িশায় বিজেপির সাংগঠনিক ভিত্তি রচনায় বলিষ্ঠ ভূমিকা রাখার পর তিনি কেন্দ্র সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়—যেমন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়, দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয় এবং পরবর্তীতে ২০২১ সালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব লাভ করেন।
তবে নিয়তির চরম পরিহাস, ২০২৬ সালে এসে সেই ইতিহাসই যেন নতুন রূপে ফিরে এলো তাঁর সামনে। জাতীয় স্তরের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে সারা ভারতজুড়ে দানা বেঁধে ওঠে অভূতপূর্ব ছাত্র আন্দোলন। তরুণ প্রজন্মের ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী।
যে প্রশ্নফাঁস প্রতিরোধে একদিন নিজের বুকের হাড় ভেঙেছিলেন ধর্মেন্দ্র প্রধান, ২৯ বছর পর সেই প্রশ্নফাঁস রোধে ব্যর্থতার দায় নিয়েই তাঁকে পদত্যাগপত্র তুলে দিতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। ইতিহাস যেন তিন দশক পর ঘুরে এসে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানলো সেই একই ইস্যুতে।
টিএইচএ/
