বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বিশাল সুখবর সৌদি সরকার

by Abid vs36

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এসেছে দেশটির সরকার। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, সংশ্লিষ্ট কর্মী দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তার অধীনে আকামা নবায়ন করতে পারবেন এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না। মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এই ঘোষণা দেন।

সৌদি প্রতিনিধিদলের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশের শ্রম সহযোগিতা জোরদারকরণে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি। বৈঠকে গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম (এসভিপি) চুক্তি এবং সাধারণ কর্মী নিয়োগ চুক্তির আনুষ্ঠানিক পর্যালোচনা ও নবায়নের প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, আরবি ভাষা প্রশিক্ষণ, সৌদি আইন ও সংস্কৃতি বিষয়ক জ্ঞান দানের লক্ষ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন
banner

তাছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি এবং হসপিটালিটির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগ সহজতর করতে যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ফ্রেমওয়ার্ক তৈরির ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের সময়মতো ওয়ার্ক পারমিট ও আকামা ইস্যু নিশ্চিত করার অনুরোধ জানানো হয় এবং বর্ধিত ফি-র অজুহাতে নিয়োগকর্তাদের দীর্ঘসূত্রিতা বন্ধে সহযোগিতার আবেদন করা হয়। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষার দক্ষতাকে কাজে লাগিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য মন্ত্রী বিশেষভাবে আহ্বান জানান।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে বর্ধিত কর্মী চাহিদায় বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহ্বান জানান এবং নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সফর জেলে আটক থাকা বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার আহ্বান জানানো হলে, সৌদি প্রতিনিধিদল কূটনৈতিক চ্যানেলে বিস্তারিত তথ্য পাঠানোর সাপেক্ষে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করার আশ্বাস দেয়।

সৌদি প্রতিনিধিদলের প্রধান মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং কর্মীদের অধিকার সুরক্ষায় ওয়েজ প্রটেকশন সিস্টেম ও ইন্স্যুরেন্স চালুর কথা জানান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানসহ উভয় দেশের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222