বাংলাদেশের চলমান পরিস্থিতিকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও বিশিষ্ট বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে, দ্রুত দেশটিতে শান্তি ও আইনের শাসন ফিরে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ বলেন, এর আগেও সেদেশে আরেক ক্রিকেটারের বাড়িতে হামলা চালানো হয়েছিল। সেখানে যা চলছে তা সম্পূর্ণ অমানবিক। সরকার যাদের মাধ্যমে এসেছে এবং যাদের নির্দেশেই দেশ চলছে, তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তবে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, খুব শীঘ্রই সেখানে শান্তি ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশে অস্থিরতার কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে কি না—এমন এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে অস্থিতিশীল। ঠিক একই ধাঁচে ভারতেও ‘জেন জি’-র নাম ভাঙিয়ে একই পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছিল এবং সেখান থেকে মদদ নিয়ে দেশটিকে অশান্ত করার পাঁয়তারা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, যারা মনে করছেন এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা সহজ, তারা জানেন না যে ভারতের সমাজ অনেক বেশি স্থিতধী। কিছু অর্বাচীন মানুষ নাচানাচি করলেও তাদের কঠোর আইনের আওতায় আনা হয়েছে। যারা বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতে অশান্তি পাকানোর স্বপ্ন দেখছেন, তাদের সেই অভিসন্ধি ও উদ্দেশ্য কখনোই সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এই বিজেপি নেতা।
টিএইচএ/
