টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
দুর্যোগকবলিত এসব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উদ্যোগে দিনব্যাপী বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র প্রাঙ্গণে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
৩৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পের মূল দায়িত্বে ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া।
দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে বন্যাদুর্গত শত শত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন বিজিবির চিকিৎসক দল।
চিকিৎসাসেবার পাশাপাশি বন্যাপ্লাবিত এলাকায় ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে নানা পরামর্শ দেন মেডিকেল অফিসাররা। এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষদের মাঝে বিশুদ্ধ পানি ব্যবহার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের সীমান্ত সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের মানবিক সহায়তা, চিকিৎসাসেবা প্রদান, ত্রাণ বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বলিপাড়া ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ কিংবা মানবিক সংকটে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর পাশে থেকে এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ৩৮ বিজিবি।
টিএইচএ/
